বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখে সেখানকার আয়োজন, সাজসজ্জা ও নৃত্য পরিবেশনার প্রশংসা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মণ্ডপটি পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
মণ্ডপের আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানকার নৃত্যশিল্পী ও চমৎকার সাজসজ্জা তাঁকে মুগ্ধ করেছে। এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ এবং আতিথেয়তার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে সফরসঙ্গী স্ত্রী ডিয়ানি ক্রিস্টেনসেনকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে চা পান করেন এবং কিছু সময় আড্ডা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা।