
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দুঃখ-দুর্দশা দূর করা এবং জীবনমানের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের পাশে ছিলেন। আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁদের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য আমরা সবাই এখানে এসেছি।’
সরকারের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিগত সময়ে আপনারা যা পেয়েছেন, এবার তার চেয়ে অনেক বেশি পাচ্ছেন। আগে আপনারা ৫০০ কেজি চাল পেতেন, এবার পাচ্ছেন ৬০০ কেজি। প্রত্যেকটি আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই অর্থ সবার মধ্যে বিতরণ করা হয়েছে।’
পূজার আনন্দে নতুন শাড়ি যুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ আপনাদের জন্য নতুন শাড়ি এসেছে। আপনারা পূজার দিন এই শাড়ি পরবেন। পর্যায়ক্রমে আপনাদের উন্নয়নের জন্য এবং যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।’
সরকারের এই আন্তরিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ধরে রাখবেন। দেশের স্বার্থে সরকারের পাশে এসে দাঁড়াবেন। আগামী দিনেও যেন আমরা এভাবেই একসঙ্গে থাকতে পারি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।