মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও নিয়ম মেনে এ নম্বরপ্লেট লাগাতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। তবে নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে নির্ধারিত মাপ ও উপকরণ ব্যবহারের নিয়ম অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর এক অনুভূমিক রেখায় লেখা যাবে। তবে এ ক্ষেত্রেও নম্বরপ্লেটের নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত মানতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগিয়ে দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।