মদিনায় বিয়ে করলেন মিস্টার ফয়সু, নবদম্পতির ছবি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ, যিনি মিস্টার ফয়সু নামে পরিচিত, বিয়ে করেছেন। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় পরিবারের

2026-10-11T15:36:05+00:00
2026-10-11T15:36:05+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিনোদন
মদিনায় বিয়ে করলেন মিস্টার ফয়সু, নবদম্পতির ছবি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ, যিনি মিস্টার ফয়সু নামে পরিচিত, বিয়ে করেছেন। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তাঁর নিকাহ অনুষ্ঠান।

শনিবার (১০ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানান ফয়সু। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা।

বিয়ের ছবি শেয়ার করে ফয়সু পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন—‘আর আমরা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’ এ সময় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মদিনার মতো পবিত্র ও সুন্দর শহরে পরিবারের সবাইকে পাশে নিয়ে নিকাহ সম্পন্ন করতে পারাকে নিজের জন্য বড় আশীর্বাদ ও স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

নতুন জীবনের শুরুতে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই ইনফ্লুয়েন্সার। একই সঙ্গে তাঁদের দাম্পত্য জীবনে ভালোবাসা, শান্তি ও বরকত কামনা করেছেন।

প্রকাশিত ছবিতে ফয়সুকে সাদা শেরওয়ানিতে দেখা গেছে। তাঁর স্ত্রীর পরনে ছিল সাদা ঘারারা, লাল ওড়না এবং সোনার গয়না। পেছনে মসজিদে নববীর মনোরম দৃশ্য রেখে তোলা নবদম্পতির ছবিগুলো ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

বিয়ের খবর প্রকাশের পর ফয়সুকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বন্ধু ও বিনোদনজগতের সহকর্মীরা। অভিনন্দন জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রুবিনা দিলাইক, ‘লক আপ’ রিয়েলিটি শোর বিজয়ী শ্রেয়া কালরা, ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান এবং অভিনেতা অর্জুন বিজলানি।

ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ফয়সাল শেখের বেড়ে ওঠা ধারাভিতে। সাধারণ পরিবার থেকে উঠে আসা ফয়সু সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন। বন্ধুদের সঙ্গে তিনি গড়ে তোলেন ‘টিম ০৭’ নামের কনটেন্ট ক্রিয়েশন গ্রুপ।

লিপ-সিঙ্ক, কমেডি ও ছোট নাটকীয় ভিডিওর মাধ্যমে অল্প সময়েই পরিচিতি পান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে জায়গা করে নেন টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোতেও।

‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ১২’, ‘ঝালাক দিখলা যা ১০’, ‘দ্য ফিফটি’ ও ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর মতো অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফয়সু। এ ছাড়া ‘ব্যাং ব্যাং’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ইউটিউবে ‘লং ড্রাইভ উইথ মিস্টার ফয়সু’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন এই তারকা।

মদিনায় বিয়ের খবর প্রকাশের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার। এখন ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন নবদম্পতি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: