তারকাখ্যাতির মোহে গান করিনি: মৌটুসী খান

বিনোদন ডেস্ক

বিনোদন

কণ্ঠের মাধুর্য আর নিজস্ব গায়কি দিয়ে অল্প সময়েই শ্রোতাদের নজর কেড়েছেন সংগীতশিল্পী মৌটুসী খান। হাবিব ওয়াহিদ, সাজিদ সরকার ও অটামনাল

2026-10-11T15:58:15+00:00
2026-10-11T15:58:15+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিনোদন
তারকাখ্যাতির মোহে গান করিনি: মৌটুসী খান
বিনোদন ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম 
মৌটুসী খান
কণ্ঠের মাধুর্য আর নিজস্ব গায়কি দিয়ে অল্প সময়েই শ্রোতাদের নজর কেড়েছেন সংগীতশিল্পী মৌটুসী খান। হাবিব ওয়াহিদ, সাজিদ সরকার ও অটামনাল মুনের মতো সংগীত পরিচালকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ বিরতির পর সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘হয়নি বলা ভালোবাসি’। মেলোডি সুরের এই প্রেমের গানে মিশেছে হালকা বিষাদের আবেশ।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। এর আগে তাঁর সুরে মৌটুসীর গাওয়া ‘অন্তর্যামী’ গানটিও শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। নতুন গান, সংগীতজীবনের পথচলা, হাবিব ওয়াহিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই শিল্পী।

নতুন গানটি তৈরির গল্প জানাতে গিয়ে মৌটুসী বলেন, অটামনাল মুনের স্টুডিওতে আড্ডা দিতে গিয়ে গানটির সূচনা। গিটার বাজিয়ে সুর তোলার সময় তাঁকে সেই সুরের সঙ্গে গাইতে বলেন মুন। এরপর গাইতে গাইতে এক-দুটি করে শব্দ যোগ হয়, তৈরি হতে থাকে গানের কথা। এভাবেই প্রাথমিক কাঠামো তৈরি হওয়ার পর চূড়ান্ত রেকর্ডিং সম্পন্ন হয়।

মৌটুসীর ভাষ্য, ‘হয়নি বলা ভালোবাসি’ মিষ্টি প্রেমের গান হলেও এর সুরে বিষাদের হালকা ছোঁয়া রয়েছে। সুরকারের এই নিরীক্ষা গানটিকে আগের কাজগুলো থেকে আলাদা করেছে বলে মনে করেন তিনি। তবে গানটির সুর কতটা ভিন্ন হয়েছে, সেই বিচার শ্রোতারাই করবেন।

প্রায় এক যুগ আগে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেও সমসাময়িক অনেক শিল্পীর তুলনায় মৌটুসীর গানের সংখ্যা কম। এর পেছনে রয়েছে কাঙ্ক্ষিত কাজের অপেক্ষা, পড়াশোনার জন্য দীর্ঘ বিরতি এবং সংগীতাঙ্গনের মানুষের সঙ্গে সীমিত যোগাযোগ।

মৌটুসী জানান, এমন গান গাইতে চেয়েছেন, যা তাঁর শিল্পীসত্তাকে তৃপ্ত করার পাশাপাশি শ্রোতাদের কাছেও সময়োপযোগী মনে হবে। সুযোগ পাওয়া অনেক গান যথেষ্ট প্রচারও পায়নি।

তবে কম গান করার জন্য তাঁর কোনো আফসোস নেই। তাঁর কথায়, “আমি কখনোই তারকাখ্যাতির মোহে গান করিনি।”

হাবিব ওয়াহিদের ভক্ত ছিলেন মৌটুসী। তাঁর গান কাভার করার ইচ্ছা থেকেই একসময় ফেসবুকে অনুমতি চেয়ে যোগাযোগ করেন তিনি। হাবিব সাড়া দিয়ে কণ্ঠ রেকর্ড করে পাঠাতে বলেন। মৌটুসীও দ্রুত নিজের কণ্ঠ রেকর্ড করে পাঠিয়ে দেন।

রেকর্ডিং শুনে তাঁর কণ্ঠ পছন্দ হয় হাবিবের। পরে স্টুডিওতে ডেকে কণ্ঠের টোন পরীক্ষা করেন এবং একসময় দ্বৈত গান গাওয়ার প্রস্তাব দেন। সেই সূত্রে হাবিবের সুর ও সংগীতে একাধিক দ্বৈত গান এবং একটি বিজ্ঞাপনের জিঙ্গেল গাওয়ার সুযোগ পান মৌটুসী।

তাঁদের গাওয়া ‘তোমারই ছোঁয়াতে’, ‘কোথা আছো প্রিয়’ ও ‘তুই ছাড়া একা’ গানগুলো শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে।

হাবিব ওয়াহিদ, সাজিদ সরকার ও অটামনাল মুনের মতো সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার পাশাপাশি বাপ্পা মজুমদার, তাহসান, মাহতিম সাকিব ও তানযীবের মতো শিল্পীদের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাও রয়েছে মৌটুসীর।

তবু সংগীতজগতে তুমুল ব্যস্ত হয়ে ওঠার তাগিদ খুব একটা অনুভব করেননি তিনি। নিজের কাজ প্রচারের জন্য আগে ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামও ছিল না। তবে এখন শ্রোতাদের প্রত্যাশা পূরণে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন অনুভব করছেন এই শিল্পী।

সে লক্ষ্যেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন মৌটুসী। সেখানে ভালো ও ব্যতিক্রমী গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর।

নাটকে প্লেব্যাকের অভিজ্ঞতা থাকলেও বর্তমানে নাটকের গানের মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন মৌটুসী। একসময় নাটকের জন্য ভালো গান তৈরি হতো বলে মনে করেন তিনি। এ কারণে আপাতত নাটকে প্লেব্যাক করার আগ্রহ নেই তাঁর।

তবে সিনেমায় গান গাওয়ার স্বপ্ন শুরু থেকেই রয়েছে। ভালো কোনো সিনেমার গানে কণ্ঠ দেওয়ার সুযোগ এলে পিছপা হবেন না বলে জানিয়েছেন এই শিল্পী।

গানের সংখ্যা বাড়ানোর চেয়ে নিজের পছন্দ ও শিল্পীসত্তার সঙ্গে মানানসই কাজকেই গুরুত্ব দিতে চান মৌটুসী খান। নতুন গান প্রকাশ এবং নিজের ইউটিউব চ্যানেল ঘিরে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হলে শ্রোতারা সামনে আরও বৈচিত্র্যময় কাজ উপহার পেতে পারেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: