দুর্ঘটনা, মেরুদণ্ডে চোট এবং অস্ত্রোপচার—এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে শারীরিক প্রতিকূলতার মধ্যেও হার মানতে নারাজ অভিনেত্রী। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্টে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি। তাঁর ছোট্ট বার্তাই নজর কেড়েছে অনুরাগীদের।
কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নুসরাত। ওই ঘটনায় তাঁর মেরুদণ্ডে চিড় ধরে বলে জানা যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিমানযোগে বালি থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। পরে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা ভাগ করে নিলেন তিনি।
শনিবার, ১১ অক্টোবর, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন নুসরাত। ছবিতে জানালার সামনে রাখা একটি হেলান দেওয়া হুইলচেয়ার দেখা যায়। জানালার ওপারে দিগন্তজুড়ে সূর্যাস্তের মনোরম দৃশ্য।
ছবিটির সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘সারা জীবন সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎ করেই বদলে গেল আমার দেখার দৃষ্টিভঙ্গি।’ এরপরই তাঁর সংযোজন, ‘বন্ধু, এখনও অনেক কিছু বাকি!’
নুসরাতের এই পোস্টে জীবনের আকস্মিক পরিবর্তন এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অনুভূতি ফুটে উঠেছে। এতদিন যে সূর্যাস্তের পিছনে ছুটেছেন, এখন যেন অন্য এক দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখছেন তিনি।
তাঁর কথায় উঠে এসেছে ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকার বার্তাও। শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার এই সময়ে অভিনেত্রীর পোস্ট অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
কাজের জগতে কবে ফিরবেন, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত তাঁর সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ইনস্টাগ্রামের এই সংক্ষিপ্ত বার্তায় নুসরাত বুঝিয়ে দিয়েছেন, জীবনের পথ কঠিন হয়ে উঠলেও সামনে এগিয়ে যাওয়ার গল্প এখনও বাকি।