মোহাম্মদপুরে ৪০ ফুট খাল পুনরুদ্ধার, ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে

2026-10-10T17:21:27+00:00
2026-10-10T17:21:27+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে ৪০ ফুট খাল পুনরুদ্ধার, ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে এলাকার ফুটপাত অবৈধ হকারমুক্ত করা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুরের বসিলা উচ্চবিদ্যালয় মাঠে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ যা চায়, তা বাস্তবায়নে কাজ করা হবে। আর জনগণ যা চায় না, তা করা হবে না।

মোহাম্মদপুরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও অবৈধ দখলমুক্ত করার উদ্যোগকে জনগণ স্বাগত জানিয়েছেন। একইভাবে মোহাম্মদপুরের ফুটপাত থেকেও অবৈধ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

রাজধানীতে অটোরিকশার চলাচলকে সমস্যা হিসেবে উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, এসব যানবাহনের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হতে হবে। এ কাজে মোহাম্মদপুরের বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সচেতনতামূলক প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানান।

তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যেখানে ময়লা-আবর্জনা জমে থাকে, সেখানে মশা-মাছির প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে নগর পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। এ লক্ষ্যে মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণ কার্যক্রম একসঙ্গে পরিচালনা করছে ডিএনসিসি।

প্রশাসকের দাবি, গত সাত মাসে ডিএনসিসির উদ্যোগে রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণেও অগ্রগতি এসেছে। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ে ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানান প্রশাসক। এসব আদালতের মাধ্যমে নগরবাসীকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিনসহ দিন-রাত নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, বিশেষ করে ঈদুল আজহায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে তাঁদের কাজ করতে হয়।

মোহাম্মদপুরের ৪০ ফুট খাল পুনরুদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৪৫ দিন খাল পরিষ্কারের কার্যক্রম চলবে। খালটি পুনরুদ্ধারের পাশাপাশি নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মোহাম্মদপুরবাসীকে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানান তিনি। ডিএনসিসির কার্যক্রম সফল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন প্রশাসক।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: