
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও নামতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির বিস্তার বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টি।
শুক্রবারও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে অবশ্য বৃষ্টির পরিধি কমে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এদিন দেশের সব বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে বৃষ্টির প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর শনিবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।