বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এরই মধ্যে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উল্লেখিত পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এদিকে বৃষ্টির সম্ভাবনার মধ্যে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা। তবে বৃষ্টিপাত হলে এসব এলাকায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তৃতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা কমতে পারে। পঞ্চম দিনে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে; তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।