
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সফরে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন শফিকুর রহমান।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার, পরিবর্তিত বাস্তবতা এবং তুরস্ক-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্ক সফর শেষে সৌদি আরব যাবেন শফিকুর রহমান। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।