এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

বিদায়ের মঞ্চে এর চেয়ে বর্ণিল পারফরম্যান্স আর কী হতে পারে! আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট

2026-10-07T10:34:51+00:00
2026-10-07T10:34:51+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
খেলা
এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায়
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ এএম 
সংগৃহীত ছবি

বিদায়ের মঞ্চে এর চেয়ে বর্ণিল পারফরম্যান্স আর কী হতে পারে! আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে দলকে ৩–০ ব্যবধানে জিতিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে তাঁর দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি ঘটল। গোলটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ১২৬তম।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকেই ছিল আবেগের ঢেউ। গ্যালারিজুড়ে আকাশি-সাদা পতাকা, মেসির ১০ নম্বর জার্সি আর মুহুর্মুহু ‘মেসি, মেসি’ স্লোগানে উৎসবের আবহ তৈরি হয়। শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার মুহূর্তটি যেন ছুঁয়ে যাচ্ছিল উপস্থিত প্রত্যেককে।

ম্যাচ শুরুর আগে তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় তাঁকে দেখা যায় আবেগাপ্লুত। কিক-অফের আগে মাঠে বিছিয়ে দেওয়া হয় মেসির ১০ নম্বরের বিশাল একটি জার্সি। সেখানে তাঁর নামের বদলে লেখা ছিল ‘গ্রেসিয়াস’—অর্থাৎ ‘ধন্যবাদ’। গ্যালারি তখন একসঙ্গে গর্জে ওঠে মেসির নামে।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। মেসিও বেশ কয়েকবার আক্রমণে যুক্ত হলেও গোল করতে পারেননি। ৩২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে পাওয়া সুযোগ ছিল তাঁর জন্য সবচেয়ে বড়। বাঁ পায়ে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ভারসাম্য হারান মেসি। তাঁর শট পোস্টের বাইরে চলে যায়।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে আসা বল দুর্দান্ত ভলিতে বেনিনের জালে পাঠান এই অভিজ্ঞ ডিফেন্ডার। গোলের পর আর্জেন্টিনার জার্সির লোগোতে চুমু দিয়ে আবেগ প্রকাশ করেন ওতামেন্দি।

এই গোলের পর অল্প সময়ের ব্যবধানে মাঠ ছাড়েন ওতামেন্দি। গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে বিদায় জানান। মেসির পাশাপাশি এই ম্যাচটি যে ওতামেন্দিরও বিদায়ী ম্যাচ, তা তখন আরও স্পষ্ট হয়ে ওঠে।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে মেসির পায়ে। ৬৫ মিনিটে বাম দিক থেকে তাঁর বাড়ানো বল পেয়ে দারুণ বাঁকানো শটে গোল করেন নিকো পাজ। বেনিনের গোলরক্ষক বলের গতিপথ বুঝে ওঠার আগেই সেটি জালে জড়িয়ে যায়। তাতেই ম্যাচে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট পূর্ণ হয়।

তবে বিদায়ী ম্যাচে নিজের নামটি স্কোরশিটে না তুলে মাঠ ছাড়বেন না—মেসির যেন এমনই ইচ্ছা ছিল। ৭১ মিনিটে অগাস্টিন জিয়াই বেনিনের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল নিয়ে স্পটের দিকে এগিয়ে যান মেসি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে ওপরের কোণে জোরালো শটে বল পাঠিয়ে দেন তিনি। ৩–০। জাতীয় দলের জার্সিতে মেসির ১২৬তম গোল।

গোলের পর সতীর্থরা তাঁকে ঘিরে ধরেন। মেসির মুখে তখন ছিল তৃপ্তির হাসি। যেন দীর্ঘ পথচলার শেষ ম্যাচটিতেও নিজের স্বাক্ষর রেখে যেতে চেয়েছিলেন তিনি—এবং সেটিই করলেন।

শেষ বাঁশির পর শুরু হয় মেসিকে ঘিরে বিশেষ আয়োজন। মনুমেন্তাল স্টেডিয়ামের আকাশে ড্রোন শোতে ফুটে ওঠে ‘গ্রেসিয়াস লিও’—ধন্যবাদ লিও। এরপর সংগীত পরিবেশন করেন আর্জেন্টিনার জনপ্রিয় শিল্পী সোলেদাদ পাস্তোরুত্তি। উৎসবের আবহের মধ্যেই মেসির বিদায়ী বক্তব্যের অপেক্ষায় থাকে পুরো স্টেডিয়াম।

মাইক হাতে নিয়ে আবেগঘন বক্তব্যে মেসি ফিরে যান তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিতে। আর্জেন্টিনার জার্সি পরার সুযোগকে জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করে সতীর্থ, সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, এই জার্সিতে আর মাঠে না নামার বেদনা বিশাল। তবে সময় এসেছে সরে দাঁড়ানোর।

মেসির বক্তব্যের সময় আবেগ ধরে রাখতে পারেননি এনজো ফার্নান্দেজ। চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। গ্যালারিতেও তখন কান্না ও করতালির মিশ্র আবহ।

একসময় যে মেসিকে নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের হতাশা ছিল, সেই মেসিই পরে এনে দিয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিল তাঁর দীর্ঘ অপেক্ষা।

এবার সেই গল্পের আন্তর্জাতিক অধ্যায় শেষ হলো। ৩–০ গোলের জয়, এক গোল, দুই অ্যাসিস্ট আর অগণিত ভালোবাসার স্মৃতি নিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেন ফুটবলের এই মহাতারকা।

বিদায় নিলেন মেসি। কিন্তু তাঁর ১০ নম্বর জার্সির গল্প—সম্ভবত আর্জেন্টিনায় আরও বহু প্রজন্ম ধরে চলবে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: