জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।
শুক্রবার (২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, পবিত্র ওমরা পালন শেষে ১ অক্টোবর দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য যাত্রীর মতো আখতারুজ্জামানও বিভিন্ন ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
জামায়াতের এই নেতা দাবি করেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে।
তার ভাষ্য, তদন্ত শেষ হওয়ার আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘উদ্দেশ্যমূলক’ মামলা ও গ্রেপ্তার হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।
অন্যদিকে, পুলিশের তথ্য অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। অতিরিক্ত জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষা, লাগেজ নিয়ে ভোগান্তি, তথ্যের ঘাটতি এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত বিড়ম্বনার বিষয়গুলো তদন্তের দাবি জানান তিনি।
তিনি আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।