রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ অভিযান পরিচালনাকারী দল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং এসআরবির সমন্বয়ে গঠিত দল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।
শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানিয়েছে, ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর মালিক নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলাম। নুর ইসলাম সালমান মুক্তাদিরের শ্বশুর বলেও এনবিআর নিশ্চিত করেছে।
অভিযানে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস ব্যবস্থাপনায় গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে এনবিআর। প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি হলেও সরেজমিনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়।
অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে দেখা গেছে।
এনবিআর আরও জানায়, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রম ও পণ্য মজুতের বিষয়ে তদন্ত এবং বিস্তারিত যাচাই চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।