কাজের প্রয়োজনে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
জানা গেছে, পেশাগত একটি কাজের দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হন এই অভিনেত্রী। চিকিৎসা চলায় বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।
তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা নুসরাতের শরীরের কোথায় কী ধরনের আঘাত লেগেছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বালির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন নুসরাত। সেসব ছবিতে কাজের পাশাপাশি দ্বীপটির মনোরম পরিবেশ উপভোগ করতে দেখা যায় তাকে।
দুর্ঘটনার আগে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছিলেন নুসরাত ভারুচা। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত।
সিনেমাটিতে পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও অভিনয় করছেন বলে জানা গেছে।
এর আগে সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে নুসরাতকে। নতুন সিনেমাকে ঘিরেও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে।
বালির দুর্ঘটনার পর অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।