পছন্দের তারকাকে সেরা প্রমাণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তর্ক-বিতর্ক নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় সেই তর্ক সীমা ছাড়িয়ে ঝগড়া ও কটূক্তিতেও গড়ায়। এবার এমনই এক ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়েছেন জনপ্রিয় দুই অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবের ভক্তরা।
মজার বিষয় হলো, যাদের ঘিরে এই প্রতিদ্বন্দ্বিতা, সেই জোভান ও তৌসিফ বাস্তব জীবনে ঘনিষ্ঠ বন্ধু। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই একসঙ্গে পথ চলা এই দুই অভিনেতার বন্ধুত্বের বয়সও প্রায় ১৩ বছর।
বুধবার দুপুরে তৌসিফের সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন জোভান। সেই পোস্টের সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, তাদের দুজনকে নিয়ে ভক্তদের মধ্যে এত ঝগড়া বা ভার্চুয়াল লড়াইয়ের আগে একটি বিষয় মনে রাখা উচিত—তারা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা পরস্পরকে ততটা সম্মান করেন না।
জোভান ও তৌসিফের পরিচয় ও বন্ধুত্বের শুরু ক্যারিয়ারের শুরুর দিকেই। রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাদের পথচলা শুরু। পরবর্তী সময়ে নিয়মিত একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব।
সময় ও ব্যস্ততা বাড়লেও তাদের সম্পর্কের সেই জায়গাটি বদলায়নি। সুযোগ পেলেই তারা একসঙ্গে আড্ডা দেন। এর আগে বন্ধুত্ব নিয়ে জোভান বলেছিলেন, ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যায়।
তাদের সেই আড্ডায় ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে হাসি-ঠাট্টা, খুনসুটি চলে বলেও জানিয়েছিলেন জোভান। তৌসিফের সঙ্গে দেখা কিংবা কথা হলে এখনো সেই পুরোনো সম্পর্কই অনুভব করেন তিনি।
এদিকে জোভানের সাম্প্রতিক পোস্টের মন্তব্যঘরেও ভক্তদের সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখা গেছে। কেউ জোভানকে সেরা দাবি করেছেন, আবার কেউ তৌসিফকে এগিয়ে রেখেছেন।
তবে ভক্তদের এই ভার্চুয়াল লড়াইকে খুব সহজভাবেই দেখছেন দুই অভিনেতা। জোভানের ভাষায়, ভক্তদের প্রতিযোগিতা তাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলে না।
সবশেষে বিষয়টি নিয়ে জোভান যে কথাটি বলেছেন, সেটিই যেন পুরো ঘটনার সারাংশ—‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের। আপনারা ফ্যান হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করেন, আর আমরা প্রতিযোগী হয়ে একসঙ্গে আড্ডা দিই।’