শরীফুল রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্তকে জীবনের ‘ভুল’ হিসেবে দেখেন না চিত্রনায়িকা পরীমণি। বরং জীবনের প্রতিটি ঘটনাকে অভিজ্ঞতা হিসেবেই দেখেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পরীমণির দেওয়া পুরোনো এক সাক্ষাৎকার। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি বলেন, রাজের সঙ্গে বিয়ে কিংবা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল মনে করেন না। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকেই তিনি একটি করে অভিজ্ঞতা হিসেবে দেখেন।
অভিনেত্রী জানান, অতীতে অন্য প্রাক্তনদের সঙ্গে সম্পর্কের ইতি টানার সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি। বরং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই সম্পর্কগুলোর সমাপ্তি হয়েছে। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলে যেন অস্বস্তিতে পড়তে না হয়, সেই বিষয়টিও বিবেচনায় ছিল।
তবে শরীফুল রাজের বিষয়টি ছিল আলাদা—এমনটাই জানিয়েছেন পরীমণি।
আক্ষেপের সুরে তিনি বলেন, যাঁর কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন তিনি। তাঁর মতে, তাদের বিচ্ছেদটি আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।
উল্লেখ্য, ২০২১ সালে শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে লালন-পালন করছেন এই অভিনেত্রী। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকেও দত্তক নেন তিনি।