বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনার মধ্যেই সংগীতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। তাঁর নতুন গান ‘পেশেন্ট জিরো’ মুক্তির প্রথম দিনেই ১ কোটি ৩৭ লাখের বেশি বার স্ট্রিম হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৬ সালে এক দিনে কোনো নারীশিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানের রেকর্ড গড়েছে এটি।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ শিরোনামে নিজের অ্যালবামের বর্ধিত সংস্করণ প্রকাশ করেন টেইলর সুইফট। এতে নতুন চারটি গান যুক্ত হয়েছে। গানগুলো হলো—‘পেশেন্ট জিরো’, ‘ক্লিভল্যান্ড!’, ‘পিঙ্ক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’।
অ্যালবামটি প্রকাশের পরপরই স্পটিফাইয়ের ‘টপ ৫০ গ্লোবাল’ তালিকার শীর্ষ চারটি স্থান দখল করে নেয় গান চারটি। এর মধ্যে ‘পেশেন্ট জিরো’ এক দিনে ১ কোটি ৩৭ লাখের বেশি বার স্ট্রিম হয়েছে। এ ছাড়া ‘ক্লিভল্যান্ড!’ ৯৬ লাখ, ‘পিঙ্ক ক্লাউডিং’ ৮৭ লাখ এবং ‘ব্যাবিলন’ ৮৪ লাখের বেশি বার স্ট্রিম হয়েছে।
নতুন গানগুলোর পাশাপাশি ‘পেশেন্ট জিরো’ নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়েছে এর মিউজিক ভিডিও। রবিবার (২৭ সেপ্টেম্বর) এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) অনুষ্ঠানে গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন ও অভিনেতা কলিন ফারেল।
এর আগে গত বৃহস্পতিবার ভিডিওটির ১৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়। এতে টেইলর সুইফট ও ডাকোটা জনসনকে আয়নার সামনে, পানিতে ডুব দিতে এবং কবরের পাশে বিভিন্ন দৃশ্যে দেখা যায়। এ ছাড়া কলিন ফারেলকেও রহস্যময় কিছু দৃশ্যে দেখা গেছে। টিজারটি প্রকাশের পর থেকেই ভিডিওটির গল্প ও সম্ভাব্য লুকানো বার্তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।
টেইলর সুইফটের গান ও মিউজিক ভিডিওতে নানা ধরনের সাংকেতিক বার্তা বা ‘ইস্টার এগ’ রাখার বিষয়টি ভক্তদের কাছে বেশ পরিচিত। এর আগেও ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ভিত্তিক একটি স্কিটে অভিনেত্রী মারিশকা হার্গিটের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ‘স্যাকারাইড’, ‘এরিস’, ‘ফ্রম দ্য ভিনইয়ার্ড’ ও ‘নর্থ অর সাউথ’—এমন কিছু শব্দ ব্যবহার করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেন সুইফট।
নতুন অ্যালবামের চারটি গানের একসঙ্গে স্পটিফাইয়ের শীর্ষস্থান দখল এবং ‘পেশেন্ট জিরো’র স্ট্রিমিং রেকর্ডের মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই পপতারকা।