পর্দায় ফেরার পর নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তবে এবার অভিনয় নয়, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স ইন্ডিয়া’ সিজন টু-এর বিজয়ী রিদা থারানাকে নিয়ে তার করা মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রিদা থারানাকে নিয়ে প্রশ্ন করা হলে মল্লিকা জানান, তিনি তাকে চেনেন না। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শোতে ২১ জন প্রতিযোগী ছিলেন, তাই সবাইকে মনে রাখা তার পক্ষে সম্ভব নয়।
সাক্ষাৎকারগ্রহীতা তখন মল্লিকাকে জানান, রিদাই শোটির বিজয়ী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। জবাবে মল্লিকা বলেন, শো থেকে বাদ পড়ার পর কী ঘটেছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।
মল্লিকার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ তার বক্তব্যকে অহংকারপূর্ণ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে তাকে ‘সোর লুজার’ বলেও কটাক্ষ করেছেন।
এক নেটিজেন মন্তব্য করেন, মল্লিকার আচরণে তার অনিরাপত্তার বিষয়টি প্রকাশ পাচ্ছে বলে মনে হচ্ছে। আরেকজন লেখেন, মল্লিকার কামব্যাককে সমর্থন করলেও নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে তার মনোভাব হতাশ করেছে।
তবে রিদাকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক দর্শক মন্তব্য করেন, রিদারও সমস্যা রয়েছে এবং অন্যদের সঙ্গে তার আচরণ নিয়ে প্রশ্ন আছে। অন্য একজন আবার মল্লিকাকে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ‘অনিরাপদ’ বলে মন্তব্য করেন।
করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটর্স ইন্ডিয়া’ সিজন টু-তে বলিউড তারকা, বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। প্রতিযোগিতার শেষপর্বে ট্রেইটর দলের ক্রিস্টল ডি’সুজা ও রিদা থারানা যৌথভাবে ৬৬ লাখ রুপি পুরস্কার জেতেন।
পর্দায় ফেরার পর মল্লিকা শেরাওয়াতকে ঘিরে নতুন এই বিতর্ক তার প্রত্যাবর্তনকে আরও আলোচনায় নিয়ে এসেছে।