মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহামাদ আলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে সোমবার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার ছেলে মোখজানি মাহাথিরের বরাতে এ তথ্য জানানো হয়।
সিতি হাসমাহ দেশটিতে একজন সম্মানিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শান্ত স্বভাব, আন্তরিকতা ও রসবোধের কারণে জনপরিসরে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে স্বামী মাহাথিরের দৃঢ় ও কঠোর ব্যক্তিত্বের বিপরীতে সিতি হাসমাহ ছিলেন তুলনামূলকভাবে শান্ত ও সহজ-সরল স্বভাবের।
তবে শুধু সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবেই তার পরিচয় সীমাবদ্ধ ছিল না। জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয় ছিলেন। দীর্ঘ সময় ধরে জনস্বাস্থ্যবিষয়ক নানা কর্মসূচিতে কাজ করেছেন তিনি।
সাত দশকের পথচলা
সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্র পড়ার সময় ১৯৪০-এর দশকের শেষ দিকে মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয়। পরে তাদের সম্পর্ক গড়ায় বিয়েতে। চলতি বছরের আগস্টে এই দম্পতি তাদের ৭০তম বিবাহবার্ষিকী পালন করেন।
তাদের সংসারে রয়েছে সাত সন্তান। সন্তানদের মধ্যে ব্যবসায়ী মোখজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং রাজনীতিক মুখরিজ মাহাথির মালয়েশিয়ায় পরিচিত মুখ।
মাহাথির তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে স্ত্রীর অবদানের কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক সাফল্যের পেছনে সিতি হাসমাহর সমর্থন ও ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও তিনি জানিয়েছেন।
মাহাথিরের বর্ণনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্য সিতি হাসমাহর দৃঢ় সংকল্প তাকে শুরু থেকেই মুগ্ধ করেছিল। সে সময় মালয় নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগও ছিল সীমিত।
সিতি হাসমাহর মৃত্যুতে দীর্ঘদিনের এই দাম্পত্য জীবনের ইতি ঘটল। তার বয়স ছিল এক শত বছর।