রাজধানীতে মাত্র তিন দিনের ব্যবধানে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কোথাও অস্ত্রধারীদের হামলা, কোথাও জমি দখলের চেষ্টা এবং কোথাও স্থাপনা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলার অভিযোগ ওঠে। এরও আগে বৃহস্পতিবার রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও পরে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পৃথক এসব ঘটনায় অস্ত্র প্রদর্শন, হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। ঘটনাগুলোতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
শ্যামলী হাউজিংয়ে অস্ত্রধারীদের হামলা
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ করেছেন বাড়ির বাসিন্দারা।
তাদের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি ও পিস্তল ছিল। তারা বাড়ির মূল ফটক খুলে বাসিন্দাদের বের হয়ে যেতে বলেন এবং টাকা দাবি করেন। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে কোপানো হয়। ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করা হয় বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা।
বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন বলেন, হামলাকারীদের মধ্যে চারজন মূল ফটকের সামনে এসেছিলেন। তাদের দুজনের হাতে চাপাতি এবং একজনের হাতে রামদা ছিল। কিছুটা দূরে পিস্তল হাতে আরও একজন অবস্থান করছিলেন এবং তিনি অন্যদের নির্দেশ দিচ্ছিলেন বলে দাবি করেন মনির।
তাঁর ভাষ্য, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রায় পাঁচ মিনিট পর তারা চলে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। এ ঘটনায় আদাবর থানায় অভিযোগও দেওয়া হয়েছে।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগেও দখলের অভিযোগ
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও সমাধান না হওয়ায় তারা আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত করে।
তাঁর দাবি, গত ১২ মার্চ তারা বাড়িটির দখল ফিরে পান। প্রায় চার মাস তদন্তের পর পিবিআই একটি অভিযোগপত্রও দিয়েছে। তবে ওই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তারা জানেন না বলে জানান তিনি।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মনির বলেন, হামলার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
চাঁদ উদ্যানেও ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা
শনিবার সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়েও ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলা-সংলগ্ন এলাকায় শতাধিক লোক নিয়ে জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
ঘটনার সময় হামলা ও ভাঙচুরের পাশাপাশি মালামাল লুটের অভিযোগও পাওয়া গেছে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা
শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার নিউগ্রিন হাউজিং এলাকায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগের পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনায় স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে।
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া
এর আগে বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী থানা এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মাত্র তিন দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।