ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)। এমন উদ্যোগ বন্ধ না হলে দেশজুড়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
রবিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অবকাঠামো, বিদ্যুৎ, পানি, সড়ক, রেল ও গণপূর্তসহ বিভিন্ন কারিগরি খাতে উপ-সহকারী প্রকৌশলী পদে দীর্ঘদিন ধরে সরকারি জনবল কাঠামো ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সংগঠনটির দাবি, এটি কোনো অনুকম্পার বিষয় নয়; রাষ্ট্রের প্রয়োজন ও বিদ্যমান বিধিবিধানের ভিত্তিতে এ ব্যবস্থা গড়ে উঠেছে।
এফডিইবির অভিযোগ, সম্প্রতি একটি বিশেষ মহল বিভিন্ন সংস্থার নিয়োগবিধি পরিবর্তনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ ও পদোন্নতির সুযোগ সংকুচিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংগঠনটির দাবি, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে একতরফাভাবে নিয়োগবিধি সংশোধনের ফলে ডিপ্লোমা প্রকৌশলীদের পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ কমে যাচ্ছে। পিডিবি, ডিপিডিসি ও নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া ‘পদোন্নতি জ্যেষ্ঠতা নীতিমালা’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করেছে সংগঠনটি। হয়রানিমূলক মামলার অজুহাতে শত শত উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ আটকে রাখা হয়েছে বলেও দাবি করা হয়।
এফডিইবি বলেছে, একটি পেশার অধিকার প্রতিষ্ঠার নামে অন্য একটি স্বীকৃত কারিগরি পেশার জন্য নির্ধারিত কর্মক্ষেত্র সংকুচিত করা গ্রহণযোগ্য নয়। উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীর কর্মসংস্থান, পদোন্নতি ও পেশাগত অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলে সংগঠনটির আশঙ্কা।
সংগঠনটি বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদ ও সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে। একই সঙ্গে নিয়োগবিধি পরিবর্তনের মাধ্যমে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ সংকুচিত করার উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যথায় দেশের ৮ লাখের বেশি ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে ৪ লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এফডিইবি।