রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানার ওসিদের বদলি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে বদলির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে। পরে মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রমও চলছে। পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকরা জানতে চান, রাকিবুল হাসানের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল হাসান। ওই অডিওতে পুলিশের পদায়ন, অভ্যন্তরীণ পরিস্থিতি ও বিভিন্ন কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বক্তব্য শোনা যায়।
অডিওতে ওসি পদায়নে অর্থ লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পোস্টিংয়ের অভিযোগও তোলা হয়। একইসঙ্গে পুলিশের বর্তমান পরিস্থিতি ও নেতৃত্ব নিয়েও বিভিন্ন মন্তব্য করা হয়।
তবে রাকিবুল হাসান অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন।
অডিওটি ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে তদন্তের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং অডিওকে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি হিসেবে মোহাম্মদ গিয়াস উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।