সালমানের চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তাঁর করা চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

2026-09-27T17:30:30+00:00
2026-09-27T17:30:57+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সালমানের চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৫:৩০ পিএম
সালমান মুক্তাদির ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তাঁর করা চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যেসব বক্তব্য দিয়েছেন, তা বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগের বিষয়ে তিনি কোনো মামলা করেছেন কি না—সেই প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান একদিকে বলেছেন তাঁর কাছে কেউ চাঁদা চাননি, আবার অন্যদিকে বলেছেন, চাঁদা চাইলে তিনি দিতেন। এরপর বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগের কোনো অর্থ নেই।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সালমানের দিকে আঙুল তোলার মতো তাঁর দিকেও কেউ অভিযোগ করতে পারেন—এটি গণতন্ত্র ও বাকস্বাধীনতার অংশ। তবে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত করার মতো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীও জানান, ঘটনাস্থলে জমির দখল-বেদখল নিয়ে দুই পক্ষের বিরোধের তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই ঘটনায় আশপাশের কিছু স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

হামলার পর সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। সেখানে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত হয়েছেন—এটি প্রাথমিকভাবে দেখা গেছে। তবে পুরো ঘটনা জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। মামলা হলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: