বনশ্রী-আফতাবনগর এলাকার বাসিন্দাদের চলাচল সহজ ও নিরাপদ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্মিত ২ নম্বর স্টিল ফুটব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুটব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং তার অংশ হিসেবে এ ফুটব্রিজটি দ্রুত নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, বনশ্রী-আফতাবনগর এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং মূল সড়কের যানজট কমানোর লক্ষ্যে তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, তিনটি সেতুর মধ্যে অন্য দুটির নির্মাণে ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে আনার কারণে কিছুটা সময় লাগছে। তবে জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ফুটব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফুটব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পাশে আরও দুটি স্থায়ী সেতুর নির্মাণকাজ চলছে। এসব সেতু দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।
শফিকুল ইসলাম খান বলেন, নতুন ফুটব্রিজটি রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। খালে যাতে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। ডিএনসিসি খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এলাকাটিকে পর্যটনবান্ধব করে তোলার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক।
এ সময় তিনি ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাও সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বনশ্রী ও আফতাবনগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নিয়মিত কর পরিশোধের অনুরোধ করেন।
ডিএনসিসি সূত্র জানায়, তিনটি সেতু নির্মাণ প্রকল্পে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। এর আওতায় আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর সেতুর প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৩৮ মিটার, ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর স্টিল সেতুর প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার ও দৈর্ঘ্য ৪২ মিটার এবং মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর সেতুর প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৪৯ মিটার।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।