রাজধানীর শোয়ারীঘাটে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারীঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযানের একপর্যায়ে সেখানে একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে গোডাউন থেকে প্রায় ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।