মধ্যরাতে ২৫০ জনের হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মিরপুরের ক্লিনিক

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী

2026-09-25T20:20:17+00:00
2026-09-25T20:20:17+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মধ্যরাতে ২৫০ জনের হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মিরপুরের ক্লিনিক
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী ২৫০ জনের বেশি ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রাড্ডা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা ক্লিনিকের ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম, ফ্রিজ, এসি, কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

রাড্ডা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হামলাকারীরা ক্লিনিকে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের ভবনগুলোও ভেঙে ফেলা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানসংক্রান্ত রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এছাড়া জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, আলমারি, ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্রও লুটের অভিযোগ রয়েছে।

হামলার পর ক্লিনিকটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেডের’ সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে রাড্ডা।

স্থানীয় এক ব্যবসায়ীর দাবি, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে। তার অভিযোগ, ওই জমি দখলের উদ্দেশ্যেই স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়েছে।

তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন হানিফ মিয়া। সাংবাদিকদের তিনি বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন এবং সেখানে কী ঘটেছে, সে বিষয়েও তিনি জানেন না। মামলায় তার নাম কীভাবে এসেছে, তা জানতে থানায় খোঁজ নেবেন বলেও জানান তিনি।

রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র ও অসহায় মা-শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তার দাবি, হামলার কারণে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে ক্লিনিকটিতে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর কথা ছিল। কিন্তু হামলা ও ভাঙচুরের কারণে ওই কর্মসূচিসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: