খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল হরিণটানা থানার খানজাহান নগর এলাকার বাসিন্দা। তিনি লাল মিয়ার ছেলে।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।