নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপির ব্যানার-পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ইত্যাদি বাজারের সামনে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। পরে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-পোস্টার লাগান। রোববার জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে একটি ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তারা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ অন্য নেতারা।
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি স্লোগান চলে।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও সেখানে বিক্ষোভ করা হয়। দলটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ ও যুবলীগ নেতা মিজানসহ অন্য নেতাকর্মীরা সেখানে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের নেতাদের বক্তব্য, তারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণের সময়ও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজার অভিযোগ, তাদের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলার পরই তারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান এবং কোনো পক্ষ গায়ের জোরে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা প্রতিহত করার কথা বলেন।
পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে জ্যাকসন হাইটস এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষের অবস্থান নিয়ন্ত্রণে আসে এবং কোনো বড় ধরনের সংঘাত ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে তার সফরের বিরোধিতা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রপ্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেন। ফলে সফরের আগেই নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার নিউইয়র্ক সফর নির্ধারিত রয়েছে। সফরকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষও কর্মসূচি ঘোষণা করায় সফর ঘিরে নিউইয়র্কে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।