স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের প্রকাশিত সম্ভাব্য সূচি চূড়ান্ত নয়; আগামী বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে মতামত নেওয়া হবে।
তিনি বলেন, ওই সভার পর স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এ জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
এদিকে সভায় ঢাকা মহানগরীর চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ কমানোর বিষয়েও আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে স্বস্তি দেওয়া, ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করাই সরকারের প্রধান লক্ষ্য। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যে দুর্ভোগ তৈরি হয়, তা কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ জন্য এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সংস্থার মেগা প্রকল্পগুলোর তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়েও সাবকমিটি গঠন করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা হবে।