
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দুজন আহত হওয়ার পাশাপাশি আশপাশের কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতির মুখে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মসজিদসহ আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হামলার খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি কার্যক্রম শুরু করেন। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।
অন্যদিকে হামলার দায় স্বীকার করে হুতিরা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
ইয়েমেনে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে হুতিরা। এই সংঘাতের জেরে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকাগুলোতে এর আগেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা