ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য ব্যতিক্রমী খাবারের আয়োজন করেছে ভারত। অতিথিদের জন্য প্রস্তুত করা পুরো মেনুতেই ছিল শুধু নিরামিষ পদ; আমিষ খাবার রাখা হয়নি একটিও।
ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক ঘরানার বেশ কিছু পদও রাখা হয় মেনুতে। এর মধ্যে ছিল পনির, রাজমা, ডাল, আলু ও পালং শাক দিয়ে তৈরি নানা ধরনের খাবার।
শুধু ভারতীয় খাবারেই আয়োজন সীমাবদ্ধ ছিল না। আন্তর্জাতিক পদ হিসেবে অতিথিদের পরিবেশন করা হয় পেন্নে আল পোমোদোরো এ পান্না, পার্ল মিলেট, হ্যারিকট বিনস ও সাইট্রাস-পার্সলে ড্রেসিংয়ে প্রস্তুত ঝলসানো লঙ্কা এবং বেকড ভেজিটেবল গ্রাটাঁ।
মূল খাবারের পাশাপাশি ছিল পাঁপড়, সালাদসহ বিভিন্ন হালকা ও প্রচলিত সাইড ডিশ। সব মিলিয়ে ভারতের বৈচিত্র্যময় নিরামিষ খাবারের স্বাদ বিশ্বনেতাদের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য।
সম্মেলনের কার্যক্রম শুরুর পরপরই প্রথম দিনের এই বিশেষ মেনু পরিবেশন করা হয়। উল্লেখযোগ্যভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য এই নিরামিষ ভোজের আয়োজন করা হয়েছিল।