সৌদি আরবে আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫০৪ জন আবাসন আইন, ৩ হাজার ৭৮৩ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৫০৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
এ সময় সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়। তাদের বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া কিংবা তাদের কাজে সহযোগিতা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, বর্তমানে ৩০ হাজারেরও বেশি প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখার মতো কর্মকাণ্ডে কঠোর শাস্তি হতে পারে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এই ধারাবাহিক অভিযান দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র ও দেশটির শ্রম, আবাসন ও সীমান্তসংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।