বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ও দুর্নীতির অভিযোগের ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, পুতুলের নিয়োগ প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এবং সেখান থেকে দুর্নীতির দুর্গন্ধ বের হয়ে এসেছে। ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে।
তিনি জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকও অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথাও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
এদিকে সংবাদ সম্মেলনে সায়মা ওয়াজেদ পুতুলের ডব্লিউএইচওর পদে নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।