১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু

2026-09-08T20:56:48+00:00
2026-09-08T20:56:48+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল!
১৫ মিনিটেই হাতে মিলবে লাগেজ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে যেভাবেই হোক থার্ড টার্মিনাল আংশিকভাবে চালুর চেষ্টা চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে তেমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ইন্টারনেট, বিভিন্ন মেশিন ও অন্যান্য ব্যবস্থার প্রয়োজনীয় ইন্টিগ্রেশনও পুরোপুরি সম্পন্ন হয়নি। এখন এসব কাজ দ্রুত শেষ করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন মেশিনের টেস্ট ও ট্রায়াল চলছে।

মন্ত্রী জানান, বর্তমানে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি প্রায় ৫৭ শতাংশ।

চার গুণ বাড়বে বিমানবন্দরের সক্ষমতা

থার্ড টার্মিনাল চালু হলে আগের তুলনায় প্রায় চার গুণ বেশি সক্ষমতা নিয়ে বিমানবন্দর পরিচালনা করা সম্ভব হবে বলে জানান বিমানমন্ত্রী।

তিনি বলেন, টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে বছরে বিপুলসংখ্যক যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট হ্যান্ডেল করার সক্ষমতাও তৈরি হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছর থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগকারী আসবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিমানবন্দর তাদের কাছে বাংলাদেশকে বিনিয়োগের উপযোগী দেশ হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের রাজস্বের অংশ বাড়ল

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আগে রাজস্বের ১৫ শতাংশ বাংলাদেশের অংশ ছিল। সেটি বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। এ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক হয়েছে।

এ ছাড়া টার্মিনালের কাজ শেষ করতে আরও প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এরই মধ্যে কিস্তিতে অর্থ দেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

১৫ মিনিটে হাতে লাগেজ দেওয়ার নির্দেশ

যাত্রীদের দ্রুত লাগেজ বুঝিয়ে দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। থার্ড টার্মিনাল চালুর পর যাত্রীরা যাতে ১৫ মিনিটের মধ্যে লাগেজ হাতে পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমানমন্ত্রী।

তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের প্রায় ৫০ শতাংশ কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও থাকবে।

বদলাচ্ছে না শাহজালালের নাম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের টাকা অতিরিক্ত খরচ করে বিমানবন্দরের নাম পরিবর্তন করতে চায় না সরকার। ফলে বর্তমান নামই বহাল থাকবে।

মন্ত্রী আরও জানান, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের লক্ষ্য সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে বৈঠক করে বাকি কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

কাজের বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে বিমানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: