রাজধানী ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে আসায় এখানেও কিছুটা বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ গ্যাসের ঘাটতি। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমানে যে লোডশেডিং হচ্ছে, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং ছিল। তবে রাজধানীকে প্রায় লোডশেডিংয়ের বাইরে রাখা হতো। ঢাকার মানুষের প্রভাব ও সামাজিক গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি হওয়ায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাজধানীতে বিদ্যুৎ না যাওয়াই স্বাভাবিক বলে ধারণা তৈরি হয়।
তবে সেই অবস্থান থেকে এখন সরে আসার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দেশের সবচেয়ে বড় শহর হিসেবে ঢাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। কিন্তু ঢাকাকে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রাখার সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, রাজধানীবাসীকেও কিছুটা বিদ্যুৎ সংকটের বিষয়টি মেনে নিতে হবে। অর্থনৈতিক কার্যক্রমের কারণে ঢাকায় অগ্রাধিকার দেওয়া হলেও এখানে কোনো লোডশেডিং হবে না—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং বর্তমান লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।