মাঠের লড়াইয়ের পাশাপাশি এশিয়া কাপের ট্রফি বিতরণ ঘিরেও এবার তৈরি হয়েছে নতুন জল্পনা। আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক হারমানপ্রীত কৌর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
গালফ নিউজ জানিয়েছে, মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
চলমান টুর্নামেন্টে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। বড় কোনো অঘটন না ঘটলে শিরোপা জয়ের দৌড়ে তারাই এগিয়ে। ফলে ফাইনালের আগেই ট্রফি গ্রহণ নিয়ে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও ট্রফি বিতরণ ঘিরে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তবে ভারতীয় ক্রিকেটাররা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি।
ট্রফি ছাড়াই সেবার শিরোপা উদযাপন করেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, জসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মারা। পরে সেই ট্রফি ভারতের হাতে না গিয়ে দুবাইয়ে এসিসির কার্যালয়েই থেকে যায়।
গত বছরের ওই ঘটনার পেছনে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনাও বড় ভূমিকা রেখেছিল। কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পরে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন পুরোপুরি কাটেনি।
মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে ট্রফি গ্রহণ না করার অবস্থান নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবার মেয়েদের এশিয়া কাপেও যদি ভারত ফাইনালে চ্যাম্পিয়ন হয়, তাহলে নাকভিই ট্রফি তুলে দিতে পারেন। তবে হারমানপ্রীত কৌর তার হাত থেকে ট্রফি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো ভারত সরকার কিংবা বিসিসিআই আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি।
ফলে ১৩ সেপ্টেম্বরের ফাইনাল শুধু মাঠের লড়াইয়ের জন্য নয়, শিরোপা জিতলে ভারতীয় অধিনায়ক ট্রফি কীভাবে গ্রহণ করেন—সেদিক থেকেও বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।