গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তাঁর সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’ একই সঙ্গে সরকারের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বিষয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন আইপিইউ সেক্রেটারি অ্যান্ডা ফিলিপ। বিশেষ করে নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে গণতন্ত্রের জন্য ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি নারী ও তরুণদের ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।