বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবনগুলো হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।
রবিবার (৩০ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি নবনির্মিত ভবনগুলোর ফলক উন্মোচন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপি স্বাধীনতা মিলনায়তনে। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। বক্তব্যে তিনি শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতি তুলে ধরেন।
উপাচার্য বলেন, উচ্চশিক্ষার প্রসার, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিইউপি কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিইউপি উপাচার্যের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বিইউপির শিক্ষা ও গবেষণায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের ওপর নির্ভর করে না; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিইউপির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিইউপি কর্তৃপক্ষ জানায়, পশ্চিম ক্যাম্পাসের নতুন তিনটি ভবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।