মানুষের উদ্ভাবনী চিন্তা ও ভাবনাকে দ্রুত বাস্তবে কাজে লাগানোর ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
তিনি বলেন, সিএসই অত্যন্ত স্মার্ট ও সম্ভাবনাময় একটি বিভাগ। যেকোনো সমস্যা সমাধান কিংবা সেবা সহজীকরণে সিএসই গ্র্যাজুয়েটরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। উদ্ভাবনী চিন্তাকে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করতে হবে।
রবিবার (৩০ আগস্ট) চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘Preparing Self-Assessment Report of the CSE Program for BAETE Accreditation’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ করে তুলছে। তাই সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তার কার্যকর ও দ্রুত সমাধান বের করে বাস্তবে প্রয়োগের সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে সিএসই গ্র্যাজুয়েটদের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া।
কর্মশালার রিসোর্স পারসন ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালেকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক সাইমুম হোসাইন সোহান।
কর্মশালায় সিএসই প্রোগ্রামের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুত ও BAETE অ্যাক্রেডিটেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।