ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবার শূন্য হওয়া আসনের উপনির্বাচনেও তার ওপরই আস্থা রাখল দলটি।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরপর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এই উপনির্বাচনকে ঘিরে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে এবারও দেলাওয়ার হোসেনকে প্রার্থী করায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।