৬ হাজার কোটি টাকার প্রস্তুতি, স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় পরিবর্তন!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬

2026-08-29T20:07:41+00:00
2026-08-29T20:07:41+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
৬ হাজার কোটি টাকার প্রস্তুতি, স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় পরিবর্তন!
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে ভোটের বিধান বাতিল করা হয়েছে। ফলে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রস্তুতি নেবে ইসি

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশন পরিচালনা করবে। এরই মধ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তফসিল ঘোষণা, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগসহ নির্বাচনের আনুষঙ্গিক সব কার্যক্রম নির্বাচন কমিশনই সম্পন্ন করবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগ আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

‘গ্রিন সিগন্যালের প্রয়োজন নেই’

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সরকারের ‘গ্রিন সিগন্যাল’ প্রয়োজন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো গ্রিন সিগন্যালের প্রয়োজন নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে তফসিল ঘোষণা করতে চাইলে তা করতে পারবে। কমিশন আনুষ্ঠানিকভাবে জানালে সরকার প্রয়োজনীয় অর্থ ও প্রশাসনিক সহযোগিতা দেবে।

দলীয় প্রতীক থাকছে না

প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকারসংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ নতুন সরকার জাতীয় সংসদে আইন হিসেবে পাস করেছে। এসব আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে।

ফলে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে।

তবে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সমর্থন দিতে পারবে বলে জানান তিনি।

প্রার্থী বাছাইয়ে যেসব বিষয় গুরুত্ব পাবে

মীর শাহে আলম বলেন, দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, নির্যাতন ও হয়রানির শিকার হওয়ার ইতিহাস, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা অন্যতম।

তিনি জানান, বিএনপির জেলা পর্যায়ের নেতাদের পর্যায়ক্রমে প্রতি শুক্র ও শনিবার গুলশান কার্যালয়ে ডেকে বৈঠক করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সেখানে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

নতুন উপজেলা নিয়ে কার্যক্রম

এ সময় মীর শাহে আলম জানান, বগুড়া-২ আসনের শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে নতুন মোকামতলা উপজেলা করা হয়েছে। এর সাংগঠনিক কার্যক্রম শুরু করার প্রত্যাশা থেকেই তারা ওই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বরাদ্দ এবং নতুন আইন অনুযায়ী নির্দলীয় ভোটের বিধান কার্যকর হওয়ায় আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: