যানজট কমাতে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা, বদলাচ্ছে বাস টার্মিনালও

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে

2026-08-29T19:31:56+00:00
2026-08-29T19:31:56+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
যানজট কমাতে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা, বদলাচ্ছে বাস টার্মিনালও
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:৩১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে নেওয়ার উদ্যোগ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনাগুলো হলো—

ইটিসি চালু হচ্ছে এক্সপ্রেসওয়ে-ফ্লাইওভারে

ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ব্যবস্থাকে কার্যকর করতে একটি অ্যাপও তৈরি করা হবে। আগামী চার মাসের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান যানজট নিয়ে নতুন প্রতিবেদন

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া বাস টার্মিনাল

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় এর আগেই ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

গাবতলী টার্মিনাল হবে আরও বড়

গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ের পাশে পার্কিংয়ের উদ্যোগ

সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজে বের করতে বলা হয়েছে।

অটোরিকশার জন্য পৃথক নীতিমালা

ঢাকা শহরে অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এ নীতিমালার মাধ্যমে অটোরিকশা চলাচল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হবে।

অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সমন্বয় বাড়ানোর নির্দেশ

যানজট নিরসনে সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ কমার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: