আইন পেশায় শুধু অর্থ উপার্জনের পেছনে না ছুটে সততা, নৈতিকতা, মেধা ও দক্ষতার মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতেও ভূমিকা রাখতে হবে। সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়।
শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ বিশ্ববিদ্যালয়টির ‘ল’ গ্র্যাজুয়েটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিনিয়ত শেখার সুযোগ রয়েছে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভালো ড্রাফটিংসহ পেশাগত বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, আইন পেশায় শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া প্রয়োজন। দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন আদর্শ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের পেশাগত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি জানান, আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার দিকে সরকার এগিয়ে যাচ্ছে। আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। তাই নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।
ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট।’ পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখতে হবে।
আইনমন্ত্রী বলেন, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব।
পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করতে নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পেশাগত সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বকেও গুরুত্ব দিতে হবে।