২৭ দিনেই ৫ খুন! সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটে একের পর এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মাত্র ২৭ দিনের ব্যবধানে নগর ও আশপাশের এলাকায় পাঁচজন খুন

2026-08-26T13:15:21+00:00
2026-08-26T13:15:21+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
২৭ দিনেই ৫ খুন! সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ
সিলেট সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম 
প্রতীকী ছবি
সিলেটে একের পর এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মাত্র ২৭ দিনের ব্যবধানে নগর ও আশপাশের এলাকায় পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে একই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকা -তিনজন।

গত ২৭ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ ২৩ আগস্ট রাতে নগরের ইসলামাবাদ এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এর আগে ২৭ জুলাই রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কাজিরবাজার সেতুর ওপর ছুরিকাঘাতে নিহত হন কিশোর রিফাত আহমদ। পরে ১২ আগস্ট রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসায় খুন হন ব্যবসায়ী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা।

২৩ আগস্ট রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ব্যবসায়ী শাহাবুদ্দিন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর ঘাড় ও গলায় একাধিক কোপের চিহ্ন ছিল।

নিহতের স্বজনদের দাবি, শাহাবুদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল না। ছিনতাইয়ের উদ্দেশ্যেও হামলা চালানো হয়নি বলে মনে করছেন তাঁরা। কারণ, তাঁর সঙ্গে থাকা আইফোন ও প্রায় ১০ হাজার টাকা অক্ষত ছিল।

নিহতের ছোট ছেলে রেদওয়ান আহমদ জানান, রাতে স্থানীয় একজনের কাছ থেকে বাবাকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

গত ১২ আগস্ট রায়নগরের ঘটনায় ব্যবসায়ী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা নিহত হন। এ ঘটনায় বাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের ভাষ্য, চুরির উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশের পর গৃহপরিচারিকা দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে একে একে দম্পতিকেও হত্যা করা হয়।

অন্যদিকে, কাজিরবাজার সেতুতে রিফাত আহমদ হত্যার ঘটনায় ঘটনার ২৫ দিন পর ২১ আগস্ট জুয়েল আহমদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই গত ২২ আগস্ট পুলিশ কমিশনারের কার্যালয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি সিলেট নগরে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে গুরুত্বারোপ করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল টিম পরিচালনা ও অপরাধীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক কিংবা জমিসংক্রান্ত বিরোধে নিজেরা সংঘাতে না জড়িয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার বলেন, অল্প সময়ের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: