চোখে সানগ্লাস, হালকা রঙের শাড়ি, গলায় মুক্তোর মালা, প্রথম দেখায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় তাঁর পরিচিত লুকে ক্যামেরার সামনে হাজির হন চমক।
শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে পর্বটির দৃশ্য ধারণ করা হয়।
ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। গলায় মুক্তোর মালা ও চোখে সানগ্লাস। খালেদা জিয়ার পরিচিত সাজের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয় তাঁর পুরো লুক।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেক নেটিজেন চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাঁকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে।
একজন নেটিজেন মন্তব্য করেন, এক মুহূর্তের জন্য মনে হয়েছে পর্দায় খালেদা জিয়াই উপস্থিত। আরেকজন লেখেন, হৃদয় ছুঁয়ে গেল ভিডিওটা, অসাধারণ উপস্থাপনা।
তবে চমকের এই আয়োজন শুধু অভিনয় কিংবা ভ্লগিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। পরে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। আর এবার খালেদা জিয়ার পরিচিত সাজে তাঁর উপস্থিতি নতুন করে নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।