নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি পৃথকভাবে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী তাঁর সঙ্গে ছিলেন।
মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমাধি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এ সময় নিরাপত্তা বেষ্টনীর বাইরে অবস্থান করা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দলের মহাসচিব হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করলেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।