প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন চার সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনাও রয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। অনুষ্ঠানে এক হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফল ঘোষণা করেন। পরে রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ফলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের পর এবারই একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হলো।