বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতির রাজনৈতিক জীবন ও অভিজ্ঞতার প্রশংসা করেন।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা গভীরভাবে সম্পৃক্ত।
ড. ইউনূসের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা মির্জা ফখরুলকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বাড়াবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস।
তিনি আরও আশা করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছাবার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন ড. মুহাম্মদ ইউনূস।