কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) পদে নতুন করে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে প্রেষণে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেষণে নিয়োগের পর তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে, কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সরকারের এ প্রশাসনিক রদবদলের মাধ্যমে কারা প্রশাসন ও কোস্ট গার্ডের শীর্ষ পর্যায়ে নতুন নেতৃত্ব আসছে।