ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের একটি ছবি প্রকাশ করে তাকে স্বাগত জানান তিনি।
পোস্টে শায়খ ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ একই সঙ্গে সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নের জন্য দোয়া করেন তিনি।
দোয়ার ভাষ্যে তিনি আল্লাহর কাছে রবার্তো কার্লোসকে ইসলামের ওপর অটল রাখা, তাঁর অন্তরে হেদায়েত দান এবং ইসলাম গ্রহণে বরকত দেওয়ার প্রার্থনা করেন।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি মঙ্গলবার প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। ব্রাজিল সফরের সময় স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ দাবি করেন।
আলি শাহিনের ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারেন। তাঁর দাবি, শায়খ জিহাদ হাম্মাদের সঙ্গে রবার্তো কার্লোসের দীর্ঘদিনের পরিচয় রয়েছে।
শাহিন আরও জানান, প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাঁদের এক বৈঠকের সময় রবার্তো কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
তবে রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ফলে তাঁর ইসলাম গ্রহণের খবরটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও অভিনন্দন দেখা গেলেও বিষয়টি এখনো তাঁর ব্যক্তিগত বা আনুষ্ঠানিক কোনো বিবৃতির মাধ্যমে নিশ্চিত হয়নি।
রবার্তো কার্লোস ব্রাজিলের অন্যতম সফল ফুটবলার। দুর্দান্ত বাঁ-পায়ের শট, আক্রমণাত্মক ফুটবল ও অসাধারণ ফ্রি-কিকের জন্য বিশ্বজুড়ে তিনি পরিচিত। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।